জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না: তারেক রহমান

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৫:৫৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৫:৫৫:০৫ অপরাহ্ন

জনগণের জন্য রাজনীতি না করলে তাদের আস্থা অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের হক আর কাউকেই লুট করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
 

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

অনুষ্ঠানে আগামী এক বছরের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, দ্রুতই দেশের ৪০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।
 

এছাড়া দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নেও পরিকল্পনার কথা জানান তিনি। উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।
 

গত ১৭ বছরে দেশ থেকে ব্যাপক অর্থ পাচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, বিগত সময়ে জনগণের কষ্টার্জিত টাকা কীভাবে বিদেশে পাচার হয়েছে, তা গোটা দেশবাসী দেখেছে।
 

রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার রোধ করা গেলে জনকল্যাণমূলক কাজে দেশে কোনো অর্থের অভাব হবে না বলে জানান তিনি। লুণ্ঠিত হওয়া সেই অর্থ এখন দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
 

চলতি বছরের বাজেটকে যারা ‘গণবিরোধী’ বলছেন, তাদের কঠোর সমালোচনা করেন তারেক রহমান। তার মতে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের মতো জনবান্ধব উদ্যোগ থাকা সত্ত্বেও এই বাজেটকে গণবিরোধী বলাটা কেবলই হীনমন্যতার বহিঃপ্রকাশ।
 

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো সংকটের সময় অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি কখনোই জনগণকে একা ফেলে যাননি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ এক থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।
 

এদিন শ্রীমঙ্গলের অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও কয়েকজন শারীরিক প্রতিবন্ধীকে বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
 

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান।
 

এ সময় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]