নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৫:১৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৫:১৮:৫৮ অপরাহ্ন

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই দিন নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল পাঁচ বছরের ওই শিশুটি।
 

এ সময় প্রতিবেশী বৃদ্ধ জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তাকে ধর্ষণ করেন।
 

পরে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন ঘটনাটি বুঝতে পারেন। এ ঘটনার পরই শিশুটির মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
 

প্রথমে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ শুরু হয়েছিল। পরে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
 

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার ২০ হাজার টাকা অনাদায়ে আসামিকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
 

এ বিষয়ে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মুন্সি আবুল কালাম আজাদ বলেন, দেশে শিশু ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে।
 

এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ ন্যায়বিচার পেয়েছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী।
 

রায় ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]