যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৩৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৩৬:৫৯ অপরাহ্ন

রাজধানীর অসহনীয় যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় ধরনের শৃঙ্খলার উদ্যোগ নেওয়া হলো।
 

সোমবার (১৫ জুন) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সভায় সরকারপ্রধান এই নির্দেশনা দেন। সভা শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, মহাখালী এলাকায় রাস্তার ওপর যত্রতত্র বাস রাখা বন্ধ করতে হবে। এর বিকল্প হিসেবে পূর্বাচলে বাসের একটি নতুন ডিপো নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, যেখানে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।
 

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া গুলিস্তান থেকে টার্মিনাল সরিয়ে নেওয়ার পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।
 

এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান সাংবাদিকদের জানান, মহাখালী টার্মিনালের বাসগুলো রাখার জন্য পূর্বাচলে অস্থায়ী ডিপোর জায়গা ঠিক করা হয়েছে। বাসগুলো কেবল যাত্রী ওঠানোর সময় টার্মিনালে প্রবেশ করবে।
 

তিনি আরও জানান, একইভাবে সায়েদাবাদ এবং গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর জন্যও এরই মধ্যে অস্থায়ী বিকল্প জায়গার সন্ধান করা হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]