প্রতিশোধ নিতে প্রেমিকার বিয়ে ভাঙলেন যুবক, দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১২:১৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১২:১৫:১৫ অপরাহ্ন
প্রেমের সম্পর্ক পরিণতি না পাওয়া এবং বিয়ে ভেঙে দেওয়াকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে দুটি পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রাস্তায় পার্ক করা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
 
​রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
​জানা যায়, স্থানীয় সরাফ ও তিওয়ারি পরিবারের এক তরুণ-তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের সম্মতি ছাড়া ওই তরুণী বিয়ে করতে রাজি হননি।
 
​পরে তরুণীর পরিবার অন্যত্র তাঁর বিয়ের আয়োজন করে। এতে ক্ষুব্ধ হয়ে প্রেমিক প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
 
​হবু বরের পরিবারের কাছে ওই তরুণীর কিছু গোপন ছবি ও ব্যক্তিগত বার্তা পাঠিয়ে দেন প্রেমিক। এর ফলে স্বাভাবিকভাবেই তরুণীর বিয়ে ভেঙে যায়।
 
​এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে জবলপুর শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে মাঝাউলি এলাকায় ওই দুই পরিবার বিষয়টি নিয়ে মীমাংসায় বসে। তবে আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সহিংসতায় রূপ নেয়।
 
​মাঝাউলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেহেরু খাড়তে জানান, দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। মারামারির একপর্যায়ে সেখানে পার্ক করে রাখা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পরিস্থিতি শান্ত করে।
 
​জবলপুরের পুলিশ সুপার (এসপি) সম্পদ উপাধ্যায় জানান, এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৬ জনের বিরুদ্ধে দাঙ্গাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতার অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]