পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় এক তরুণ পর্যটক নিহত হয়েছেন। রাস্তা পার হওয়া এক পথচারী তরুণীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
নিহত ওই পর্যটকের নাম মো. জিসান (১৭)। তিনি শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।
জানা গেছে, সকালে জিসান তার বন্ধু রাব্বি ও আবির আহমেদকে নিয়ে একটি মোটরসাইকেলে করে শরীয়তপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। মেরিন ড্রাইভ সড়ক দিয়ে তারা পর্যটনকেন্দ্র লেম্বুরবনের দিকে যাচ্ছিলেন।
মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ এক তরুণী রাস্তা পার হওয়ার জন্য তাদের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি দ্রুত ঘোরাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে জিসানসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।