আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তার দুর্দান্ত প্রদর্শনী দেখাল ব্রাজিল। এক প্রীতি ফুটবল ম্যাচে প্রতিপক্ষ পানামার জালে একে একে ছয়বার বল জড়িয়ে বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের হয়ে এই গোলবন্যার ম্যাচে জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, ক্যাসেমিরো, রায়ান, পাকুয়েতা, ইগর থিয়াগো এবং দানিলো।
খেলার শুরু থেকেই পানামার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। যার ফলস্বরূপ ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুসের দারুণ এক গোলে লিড পায় ব্রাজিল।
তবে তাদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। পানামার ফুটবলার মাইকেল মুরিলোর নেওয়া একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে নিজেদের জালেই জড়ালে ১-১ সমতায় ফেরে ম্যাচ।
এরপর প্রথমার্ধের শেষ দিকে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন ২-১ করেন। এই লিড নিয়েই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পানামার রক্ষণভাগে রীতিমতো ঝড় তোলেন ব্রাজিলের খেলোয়াড়রা। প্রতিপক্ষের রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল আদায় করে নেন তরুণ ফরোয়ার্ড রায়ান।
কিছুক্ষণ পর পানামার ডিফেন্ডার কর্দোবার গায়ে লেগে বল দিক পরিবর্তন করে জালে জড়ালে পাকুয়েতার নামের পাশেও একটি গোল যুক্ত হয়।
খেলার শেষ দিকে এসে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় দলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। আর ডি-বক্সের ভেতর দারুণ দক্ষতায় পানামার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো।
বিশ্বকাপের আগে এমন উড়ন্ত জয়ে নিজেদের কৌশল ও শক্তিমত্তা বেশ ভালোভাবে ঝালিয়ে নিল ব্রাজিল।
আগামী রোববার (৭ জুন) নিজেদের শেষ প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।