পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ৪১৯ জন হাজি।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বিমানবন্দরে অবতরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেয় সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি ৫৮০৬’ ফ্লাইটটি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফিরতি ফ্লাইটের প্রথম দিনেই ১৩টি ফ্লাইটের শিডিউল রয়েছে। এসব ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফেরার কথা রয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এর মধ্যে হজে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে, গত ১৭ এপ্রিল ঢাকা থেকে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর টানা এক মাসের বেশি সময় ধরে চলা এই যাত্রার শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় গত ২১ মে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাবি, সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু সমন্বয়ের কারণে এবার কোনো বড় ধরনের জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পেরেছেন। হজের আনুষ্ঠানিকতা শেষে এখন তারা পর্যায়ক্রমে দেশে ফিরছেন।