রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জেরে টনক নড়েছে কর্তৃপক্ষের। এরই অংশ হিসেবে এবার হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শনিবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদুল আজহার পরের দিন রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম স্বশরীরে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিভিন্ন সড়কে কোরবানির পশুর বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লার স্তূপ দেখতে পান প্রধানমন্ত্রী।
দায়িত্বে এমন চরম অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
উপ-প্রেসসচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এমন কড়া বার্তার পরই মূলত সংস্থাগুলোর কার্যক্রমে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে হাতিরঝিল লেক এলাকার সৌন্দর্য ফেরাতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে রাজউক।