মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার গোয়েন্দা পুলিশ

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১০:৫৬:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১০:৫৬:০৭ পূর্বাহ্ন

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
 

শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত চারজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
 

আটক ব্যক্তিরা হলেন—আরিফ মোল্লা (৩৫), শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০) ও আলাউদ্দিন (২৪)। স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত আরিফ মোল্লা উজিরপুর পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, এসআই আরসেলের নেতৃত্বে সাত সদস্যের একটি দল ওই এলাকায় মাদক উদ্ধারে যায়। এ সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা চালানো হয়।
 

পুলিশ সূত্র জানায়, অভিযানের একপর্যায়ে ডিবি সদস্যদের কাজে বাধা দেন কয়েকজন ব্যক্তি। বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন।
 

পরে কনস্টেবল মৃণাল ওই পুকুর থেকে মাদক উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার সময় হামলায় মেহেদী নামের আরও এক ডিবি সদস্য আহত হন।
 

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]