পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাফিস আহমেদ সিয়াম নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন।
পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন (বাবু) অভিযোগ করেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নাফিস আহমেদ সিয়ামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল পুরাতন বাসস্ট্যান্ডে এসে হামলা চালায়। এ ঘটনায় দুই পক্ষেরই লোকজন আহত হয়েছেন বলে জানান তিনি। তাঁর দাবি, রাজনৈতিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনাটি শুনেছেন। সিয়াম নামে যাঁর কথা বলা হচ্ছে, তাঁকে আগেই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরও এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।