বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকদের একটি অংশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার কিছু আগে এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল থেকে জেলার কোথাও নতুন করে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, সকাল ৮টার কিছু আগে মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন। এ সময় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। এ ছাড়া জেলার অন্য কোথাও মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
এদিকে নতুন করে আরও ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগে বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে বলেও জানিয়েছেন শিল্প পুলিশের এই কর্মকর্তা। তবে ঠিক কতটি বন্ধ কারখানা পুনরায় চালু হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।