আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৭:৩০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৭:৩০:২৬ অপরাহ্ন

৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ফ্যাসিবাদ, স্বৈরাচার ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক কারবারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।
 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে বলে জনগণ প্রত্যাশা করেছিল। তবে ফ্যাসিবাদের সহযোগীরা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
 

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে তাঁর অভিযোগ। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, মূল্যস্ফীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ সামনে আসছে।
 

ক্ষমতাসীন বিএনপির ছত্রছায়ায় একটি অংশ বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটছে।
 

পুলিশকে নিরপেক্ষ, শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী অবস্থান মানে আইনবহির্ভূত কর্মকাণ্ড নয়। পুলিশকে রাজনৈতিক চাপমুক্ত থেকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
 

তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে কোনো পুলিশ কর্মকর্তাকে যেন বদলি বা পদাবনতি করা না হয়, সে নিশ্চয়তা থাকা প্রয়োজন।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। মাদক কারবার ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।
 

মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সম্পর্ক তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, মাদকের সিন্ডিকেট রাজনৈতিক সমর্থন ছাড়া টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এ ধরনের পৃষ্ঠপোষকতার অভিযোগ ছিল, এখন বিএনপির নেতাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে বলে দাবি করেন তিনি।
 

তাঁর অভিযোগ, মাদকবিরোধী অভিযানে অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হলেও সিন্ডিকেটের সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক কারবারের মূল চক্র ভাঙতে রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন ও পুলিশের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের নির্যাতনের শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনসিপি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবে বলেও জানান তিনি।

 

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বাড়লেও মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক এবং বেসরকারি খাতের কর্মীদের আয় সেই অনুপাতে বাড়েনি। পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিও জানান তিনি।
 

এ ছাড়া ব্যাংকিং খাতের সংস্কার, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
 

সরকারি চাকরিতে দলীয়করণ, প্রশ্নফাঁস এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করার মতো ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তথ্য কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে গণতন্ত্র কার্যকর হবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

 

গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ থাকা জরুরি।
 

পদ্মা ও গঙ্গা নদীকে ঘিরে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় বলে অভিযোগ করে এ বিষয়ে সংসদে বিশেষ অধিবেশন আয়োজনের দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, এ চুক্তির সঙ্গে দেশের কৃষি, পরিবেশ ও নদীতীরবর্তী কয়েক কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।
 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জাতীয় নির্বাচনের সময়কার জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে। তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
 

নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার, গণহত্যার বিচার, তরুণদের কর্মসংস্থান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং নদীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
 

নাহিদ ইসলাম বলেন, তাঁদের ঐক্য জনগণের সঙ্গে। জনগণকে সঙ্গে নিয়েই তাঁরা সামনে এগিয়ে যেতে চান। সরকার গণবিরোধী নীতি থেকে সরে না এলে সরকারের সঙ্গে সহযোগিতা বা ঐক্যের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
 

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণ বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com