ফেনীর দাগনভূঞায় মানসিক ভারসাম্যহীন মেয়ের ধারালো বটির কোপে সেতারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মায়ের করুণ মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে রিনা আক্তার রানু (৩৮) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে নতুন ওষুধ দেওয়া হয়। রাতে মা সেতারা বেগম তাঁকে সেই ওষুধ খাওয়াতে গেলে রানু ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মায়ের গলা ও পায়ে একাধিক কোপ দেন। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে সেতারা বেগমের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রানু ঘরের ভেতর থেকে দরজা আটকে রাখেন। পরে খবর পেয়ে দাগনভূঞা থানা-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটিটি জব্দ এবং অভিযুক্ত রানুকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।