তুরস্কের পার্লামেন্টের স্পিকার

মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৪৯:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৪৯:১০ পূর্বাহ্ন

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) ভবিষ্যতে মুসলিম বিশ্বের বৃহত্তর একটি চুক্তিতে পরিণত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ। তিনি জানান, এই চুক্তিতে ভবিষ্যতে ইরানও যুক্ত হতে পারে। চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। আগামী মাসে চুক্তিটি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে তোলা হতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
 

গত আগস্টে এই তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। এর কয়েক সপ্তাহ পরই বৃহত্তর ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ওপর হামলা শুরু করে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো মক্কা চুক্তিতেও বলা হয়েছে, কোনো এক মিত্রের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। চুক্তির কাঠামো নির্ধারণ এবং সৌদি আরবের প্রয়োজনীয়তা মূল্যায়নে স্বাক্ষরকারী দেশগুলোর কর্মকর্তারা এরই মধ্যে বৈঠক করে আসছেন।
 

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আঙ্কারায় সাংবাদিকদের তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বলেন, আন্তর্জাতিক চুক্তি কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। বর্তমানে চুক্তির আওতায় যেসব বৈঠক হচ্ছে, সেগুলো মূলত প্রস্তুতিমূলক। পার্লামেন্টের অবকাশ শেষে অক্টোবরে অধিবেশন শুরু হলে বিষয়টি আলোচ্যসূচিতে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

চুক্তিটি ইরানের বিরুদ্ধে কি না—এমন প্রশ্নের জবাবে কুরতুলমুশ বলেন, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। বরং আঞ্চলিক সংঘাত এবং ইসরায়েলের ‘বৈরী নীতির’ মধ্যে এই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা কখনোই মক্কা চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি হিসেবে দেখি না, এমনটি হওয়াও উচিত নয়। বরং আমরা আশা করি, মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য একটি বৃহত্তর চুক্তিতে পরিণত হবে, যেখানে ইরানও যোগ দিতে পারে। অন্যান্য আঞ্চলিক দেশ অংশ নিলে এটি আরও শক্তিশালী হবে।’
 

এর আগে আঙ্কারা জানিয়েছিল, প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সামরিক ও কারিগরি প্রয়োজন মেটাতে তারা সহায়তা করতে প্রস্তুত। তবে কর্মকর্তারা জানিয়েছেন, যৌথ চুক্তিটি এখনো পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় বর্তমান পর্যায়ে যেকোনো সামরিক সহায়তা মূলত দ্বিপক্ষীয় এবং দুই দেশের জোটের চেতনার ভিত্তিতে দেওয়া হবে। এদিকে, সার্বিক পরিস্থিতি ও সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে আলোচনা করতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানদের একটি বৈঠক করার কথা রয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]