চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২০তম এশিয়ান গেমস উপলক্ষে তিনি এই সফরে গেছেন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন। এ ছাড়া এই সফরকালে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে।