লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘মুসার বাপের সমাজ’ এলাকার প্রধান সড়কটির একাংশ ধসে পড়েছে। মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে রাস্তার পাশের খালের তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় এ ভাঙন দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো স্থানীয় বাসিন্দা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। রাস্তাটির একাংশ খালে ধসে পড়ায় প্রতিদিন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে পুরো এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে জানান তাঁরা।
এলাকাবাসীর দাবি, জনগণের চরম দুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর বাঁধ নির্মাণ এবং সড়কটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সড়কটির ভাঙন ও বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি অবগত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে এলাকাটি পরিদর্শন করবেন এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।