নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতা-কর্মীরা এখন নির্বিঘ্নে কথা বলতে ও চলাচল করতে পারছেন। শুধু পদ-পদবি পেলেই সরকারের অংশ হতে হবে এমন নয়; দলের প্রতিটি নেতা-কর্মীই বর্তমান সরকারের অংশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে মহিলা দলকে জোরালোভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আন্দোলনে মহিলা দলের নেতা-কর্মীদের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, অতীতে পুলিশের অত্যাচার, মিথ্যা মামলা, রিমান্ড ও হত্যার মধ্যেও মহিলা দলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। আফরোজা আব্বাস, সুলতানা আহমেদসহ দলের অনেক নারী নেত্রীকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে। বর্তমান সরকারে তাঁদের সেই রক্ত-ঘামের অবদান রয়েছে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, বর্তমান সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি নিয়েছে। ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে দুঃস্থ পরিবারের নারীদের হাতে সরাসরি সহায়তা পৌঁছানো হচ্ছে, যা নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। এসব জনহিতকর কর্মসূচি জনগণকে বোঝাতে হবে এবং তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মহিলা দলের নেতা-কর্মীদের নিতে হবে।
শিক্ষাক্ষেত্রে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মেয়েদের একাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের ডিগ্রি ও অনার্স পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী আরও বলেন, দলের সবার মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার সুযোগ নেই। তবে যাঁদের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে সংসদে গেছেন বা মন্ত্রী হয়েছেন, তাঁদের ওই সাফল্যই দলের প্রতিটি নেতা-কর্মীর সাফল্য। অতীত সংগ্রামের মতোই বর্তমান সরকারের গণবান্ধব ও নারীর ক্ষমতায়নের কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।