ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোনায়েম হোসেন নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ভায়না ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ওই ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভায়না বাজারে একটি বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন মোনায়েম হোসেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন অতর্কিতে তাঁর ওপর হামলা চালান এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
হামলার শিকার হয়ে মোনায়েম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। তাঁরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।