একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরতের প্রথম দুই দিনে মোট ৬১০ কোটি টাকা উত্তোলন করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে প্রায় আট হাজার আমানতকারীকে আরও ৩৬০ কোটি টাকা পরিশোধ করেছে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এর আগে অর্থ ফেরতের প্রথম দিন গতকাল সোমবার পাঁচ ব্যাংকের ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা তুলে নিয়েছিলেন। ফলে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আমানত উত্তোলনের পরিমাণ ১১০ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম স্টার নিউজ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার আরও ৪০০ কোটি টাকা উত্তোলনের জন্য নতুন করে আবেদন করেছেন আমানতকারীরা। সম্প্রতি শরিয়াহভিত্তিক এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সরকার ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে এবং এসব ব্যাংকের সব দায়দায়িত্ব নতুন এই ব্যাংকে হস্তান্তর করা হয়। গত ১ সেপ্টেম্বর থেকে একীভূত হওয়া এসব ব্যাংকের আমানত ফেরতের জন্য আবেদন গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২২১ জন আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এর মধ্যে এককালীন পুরো অর্থ তুলে নিতে আবেদন করেছেন ২৪ হাজার ৪২৮ জন গ্রাহক, যাঁর আর্থিক পরিমাণ ১ হাজার ৩৮৮ কোটি টাকা।
আমানতকারীদের অর্থ নিরবচ্ছিন্নভাবে পরিশোধের লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মূলধন থেকেই মূলত এই বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়া হয়েছে বলে জানা গেছে।