দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার। একই সঙ্গে রপ্তানি কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে ১০টি কঠোর শর্ত আরোপ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে ২৭৮টি প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির যে বরাদ্দ দেওয়া হয়েছিল, তা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সংশোধিত এই বরাদ্দ অবিলম্বে কার্যকর হবে এবং অনুমোদনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বৃহৎ থেকে শুরু করে মাঝারি ও ক্ষুদ্র পর্যায়ের খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো আগের অনুমোদিত পরিমাণের অর্ধেকের বেশি সুগন্ধি চাল আর রপ্তানি করতে পারবে না।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৫ হাজার ২৭০ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল। এর মধ্যে গত ৩০ আগস্ট পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান মোট ২ হাজার ৪১৯ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি করেছে।
কোটা কমানোর পাশাপাশি রপ্তানি কার্যক্রমে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসন নিশ্চিত করতে ১০টি বাধ্যতামূলক শর্ত আরোপ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—রপ্তানি নীতি ২০২৪-২৭-এর বিধান যথাযথভাবে অনুসরণ, প্রতিটি চালান রপ্তানির আগে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক পণ্যের মান ও সত্যতা যাচাই, আন্তর্জাতিক বাজারে মূল্য সুরক্ষায় প্রতি কেজি সর্বনিম্ন এফওবি (FOB) রপ্তানিমূল্য ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ এবং সাব-কন্ট্রাক্ট বা অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি না করা। এ ছাড়া রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের প্রমাণ হিসেবে প্রোসিডস রিয়ালাইজেশন সার্টিফিকেট (পিআরসি) দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যতে নতুন অনুমোদনের আবেদন করলে আগের অনুমোদিত কোটার বিপরীতে প্রকৃত রপ্তানির পূর্ণাঙ্গ তথ্য ও প্রমাণও দিতে হবে। জনস্বার্থে সরকার যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই এ অনুমোদন বাতিল করতে পারবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য রপ্তানি পুরোপুরি বন্ধ করা নয়; বরং দেশের বাজার স্থিতিশীল রেখে নিয়ন্ত্রিতভাবে তা পরিচালনা করা। নতুন এই নির্দেশনার ফলে সুগন্ধি চাল রপ্তানিতে একদিকে যেমন নিয়ন্ত্রণ বাড়বে, অন্যদিকে রপ্তানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত হবে।