মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০১:১২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০১:১২:৩৯ অপরাহ্ন

রাষ্ট্রায়ত্ত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিটের করপূর্ব মুনাফা প্রথমবারের মতো ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত (২০২৫-২৬) অর্থবছরে এই ইউনিটের করপূর্ব মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২২৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। একই সময়ে কেরুর ডিস্টিলারি ইউনিটের মদ বিক্রি প্রায় ৫০০ কোটি টাকায় পৌঁছেছে। আগের অর্থবছরে এই বিক্রির পরিমাণ ছিল ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে প্রায় ১০ শতাংশ। তবে সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাবের আনুষ্ঠানিক নিরীক্ষা এখনো শেষ না হওয়ায় এসব হিসাব চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

কেরুর কর্মকর্তারা জানান, মূলত বিদেশি মদ আমদানিতে সরকারের কড়াকড়ির কারণেই স্থানীয়ভাবে উৎপাদিত মদের চাহিদা বেড়েছে। শুল্ক ফাঁকি রোধে ২০২১ সালে বিদেশি মদ আমদানিতে কঠোরতা আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এর পর থেকেই কেরুর ডিস্টিলারি ব্যবসায় বিক্রি ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, চাহিদা বৃদ্ধির কারণে বিক্রি বাড়ায় কোম্পানির মুনাফাও ধারাবাহিকভাবে বাড়ছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ডিস্টিলারি ইউনিটের আয় টানা চতুর্থ বছরের মতো ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং টানা পঞ্চম বছরের মতো নিট মুনাফা ১০০ কোটি টাকার বেশি হয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কেরুর ডিস্টিলারি ইউনিটের করপূর্ব মুনাফা ছিল ১৯০ কোটি টাকা। এর মধ্যে ৩২ কোটি টাকা করপোরেট কর দেওয়ার পর নিট মুনাফা দাঁড়ায় ১৫৮ কোটি টাকা।
 

ডিস্টিলারি ব্যবসায় ভালো আয় হলেও প্রতিষ্ঠানটির চিনি ইউনিট এখনো লোকসানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ ইউনিটে প্রায় ৬০ কোটি টাকা লোকসান হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, চিনি পুনরুদ্ধারের হার না বাড়ায় এই ইউনিটের লোকসান অব্যাহত রয়েছে। তবে লোকসান কমাতে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় চিনি ইউনিট সম্প্রতি চালু করা হয়েছে, যা পূর্ণ সক্ষমতায় চললে লোকসান কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদায়ী অর্থবছরে ডিস্টিলারি ইউনিটের বিক্রি প্রায় ৪৯০ কোটি টাকা হলেও চিনি ইউনিটের বিক্রি প্রায় ৩০ কোটি টাকার ঘরেই স্থির রয়েছে। উল্লেখ্য, ১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানি ১৯৭২ সালে জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠানটির মূল ব্যবসা চিনিকল পরিচালনা হলেও আখের চিটাগুড় থেকে অ্যালকোহল উৎপাদনের জন্য একটি লাইসেন্সপ্রাপ্ত ডিস্টিলারি রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি জৈব সার উৎপাদন, বাণিজ্যিক খামার ও ফার্মাসিউটিক্যাল ব্যবসার সঙ্গেও যুক্ত।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]