নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৬:২৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৬:২৩:৪৯ অপরাহ্ন
সত্যম চক্রবর্তী, নেত্রকোনা: কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সীমান্তবর্তী দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক।
 
আগস্ট মাসে দুর্গাপুর থানার সার্বিক পুলিশি কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পুলিশ নেত্রকোনা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ খন্দকার শাকের আহমেদের হাতে সম্মাননা তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম।
 
পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমের দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে সক্রিয়তা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
 
এর আগে নেত্রকোনা জেলায় আরও দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জেও দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেছেন খন্দকার শাকের আহমেদ। এবার তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে তিনি তার সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাইলফলক যোগ করেছেন।
 
পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এই অর্জন শুধু আমার একার নয়; দুর্গাপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।
 
দুর্গাপুর একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটিই গুরুত্বপূর্ণ। সীমান্তকেন্দ্রিক বিভিন্ন বিষয়, মাদকবিরোধী কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত তৎপরতা প্রয়োজন হয়। এমন বাস্তবতায় ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াকে দুর্গাপুর থানার জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
 
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে সক্রিয়তা, অপরাধ দমনে তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক কার্যক্রমের প্রতিফলনই এই স্বীকৃতি। এ অর্জনে দুর্গাপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
 
তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় খন্দকার শাকের আহমেদকে দুর্গাপুর থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারা তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]