মাসুদ রানা, দেবিদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার শুরুতেই এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা অর্জনে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না।’ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও অনেক প্রতিভা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুযোগ-সুবিধার অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়, সে বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও মনোযোগ ধরে রাখার আহ্বান জানান। আলোচনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের পর এসএসসি ও দাখিল পরীক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ছয়জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রাইজমানি ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ উপস্থিত সব শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মো. শাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসা. রাইসুল আক্তার। অভিভাবকদের পক্ষে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পরিচালনা কমিটির সাবেক সদস্য সাংবাদিক মো. কবির হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, আবদুস সাত্তার মাস্টার, ছগীর আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামীম, পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. শাহজালাল রোশন প্রমুখ। এ সময় ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত মো. রাশেদুজ্জামান সরকার, মো. সোহেল সরকার, মো. আতিকুর রহমান, মো. আল আমিন ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।