ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ (জব্দ) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের দেওয়া এই আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
আদালতে করা রিট আবেদনে বলা হয়, বিদ্যমান আইন অনুসারে কোনো একক পরিবার বা গ্রুপ একই ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। কিন্তু এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ইসলামী ব্যাংকে যুক্ত হয়ে বিপুল পরিমাণ শেয়ার নিজেদের কবজায় নেয়। এই ২৪টি কোম্পানির নামে ব্যাংকটির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে ২০২৫ সালেও এস আলম গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন আদালত। ওই বছর ইসলামী ব্যাংকে এস আলম সংশ্লিষ্ট এই ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ফ্রিজ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে সময় আদালতের অনুমতি ছাড়া ওই শেয়ারহোল্ডার পরিচালকদের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।