গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা রেসিডেন্সি পারমিট (ইকামা) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের মেয়াদে এই পারমিট ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমার পাশাপাশি গৃহস্থালির কর্মসংস্থান ব্যয় পরিচালনার ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে।
সৌদি আরবের সংবাদপত্র ‘ওকাজ’–এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।
নতুন নিয়মে যা থাকছে
-
নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন।
-
পারমিট ইস্যু বা নবায়নের পুরো কাজটি ‘আবশের’ (Absher) প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে।
-
তিন মাস বা তার গুণিতক মেয়াদের জন্য রেসিডেন্সি ফি এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতেও পরিশোধ করার সুযোগ থাকছে।
আগে গৃহকর্মীদের রেসিডেন্সি বা ইকামা নবায়নের মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে নিয়োগকর্তাদের দীর্ঘমেয়াদি নবায়নে বাধ্য হতে হতো এবং একসঙ্গে বড় অঙ্কের ফি পরিশোধ করতে হতো। এখন তাঁরা শুধু নির্বাচিত সময়সীমার জন্যই ফি দিতে পারবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক দায়বদ্ধতা পরিচালনায় আরও বেশি স্বাধীনতা দেওয়া। প্রতিটি পরিবার ও গৃহকর্মীর ভিন্ন ভিন্ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই উদ্যোগ।
পাশাপাশি এই পদক্ষেপটি সৌদি আরবের রেসিডেন্সি সেবার আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার প্রসার ঘটানোর চলমান প্রচেষ্টারই একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে।