২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়েছিল।
’ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হচ্ছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে—জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।
গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ‘জুলাই অনুষ্ঠানমালা’ আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস ২২ জুলাই; বিজয় একাত্তর ও অমর একুশে হল ২৩ জুলাই; ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, ফজলুল হক মুসলিম হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই; শামসুন নাহার হল ২৬ জুলাই এবং রোকেয়া হল ৩০ জুলাই এসব কর্মসূচির আয়োজন করবে। এ ছাড়া আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেলে ৫ আগস্ট কর্মসূচি পালিত হবে।