যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আর্জেন্টিনাকে হতাশ করে নিজেদের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে স্পেন। স্পেনের এই জয়ে আনন্দে ভাসছে ফিলিস্তিন। গাজা ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিরা অস্থায়ী পর্দায় ও বিভিন্ন স্টেডিয়ামে ভিড় জমিয়ে খেলা উপভোগ করেন। ট্রফি জেতার পরপরই রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠেন তাঁরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিভিন্ন এলাকায় জড়ো হয়ে স্পেনের এই ঐতিহাসিক জয় উদ্যাপন করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। এ সময় স্পেনের বিজয়কে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন তাঁরা।
ফিলিস্তিনিদের এই উচ্ছ্বাস শুধু স্পেনের বিশ্বকাপ জয়ের জন্য নয়; বরং ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের চলমান জোরালো ও মানবিক সমর্থনের কারণেও বলে জানা গেছে।
অন্যদিকে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপনের সময় স্পেনের বিভিন্ন শহরেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের। উদ্যাপনের মিছিলে অনেককেই ফিলিস্তিনের পতাকা বহন করতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা গেছে।