পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। তবে হজ পালনের উদ্দেশ্যে গিয়ে সেখানে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনের তথ্যমতে, দেশে ফেরা মোট ৬০ হাজার ৫৮৮ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন হাজি।
সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মৃত এসব বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন।
জানা গেছে, মৃতদের মধ্যে পবিত্র মক্কা নগরীতে সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
হজযাত্রী পরিবহনের দিক থেকে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি ৭৬টি ফ্লাইটের মাধ্যমে মোট ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।
পাশাপাশি সৌদি এয়ারলাইন্স ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জনকে পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।
হজযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ২৮ হাজার ১৯৮ জন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরবে গিয়েছিলেন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ৩০ মে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মধ্য দিয়ে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

ডেস্ক রিপোর্ট