রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি অপর ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
ডা. দীপু মনি নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে তিনি পররাষ্ট্র, শিক্ষা এবং সমাজকল্যাণ মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আত্মগোপনে থাকা অবস্থায় ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

ডেস্ক রিপোর্ট