যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়েছে। ওই আয়োজনে সূরা আল-আলাকের আয়াত পাঠ করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সুহেইলা মুখতার নামের এক গ্র্যাজুয়েট শিক্ষার্থী।
মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে এই ঘটনা ঘটে।
জানা যায়, হার্ভার্ডের সমাবর্তনের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করার রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে সুহেইলা মুখতার চমৎকার কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করেন।
তাঁর ওই তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসিত হয়। নেটিজেনরা এই সুন্দর মুহূর্তটিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
২০২২-২৬ শিক্ষাবর্ষের ছাত্রী সুহেইলা এই সমাবর্তনের মাধ্যমেই নিজের স্নাতক সম্পন্ন করলেন। পড়াশোনার পাশাপাশি তিনি জননীতি, জনস্বাস্থ্য ও একাডেমিক গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি 'হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিকেল অ্যালায়েন্স' এবং 'স্ট্রাইভ বোস্টন'-এর বিভিন্ন কার্যক্রমে সরব ছিলেন। এছাড়া ২০২৪ সাল থেকে তিনি মাউন্ট অবার্ন হাসপাতালে রোগী সহায়তাকারী হিসেবে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
শুধু কোরআন তিলাওয়াতই নয়, একাডেমিক ক্ষেত্রেও সুহেইলার বেশ কিছু বড় অর্জন রয়েছে। ২০২৪ সালে তিনি সম্মানজনক ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ খেতাব অর্জন করেন।
মেডিকেল গবেষণার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে তাঁর বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ডিপ লার্নিং, মেশিন লার্নিং ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়েও এই শিক্ষার্থীর বিশেষ আগ্রহ রয়েছে।

ডেস্ক রিপোর্ট