মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্রিপ্টোকারেন্সি। এর ফলে বিটকয়েন ও ইথারের মতো শীর্ষস্থানীয় ডিজিটাল মুদ্রাগুলোর দাম ধারাবাহিকভাবে কমছে।
শুক্রবার (২৯ মে) সকালে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী সংস্থা 'দ্য ট্রেড ইকোনমিকস'-এর প্রকাশিত হালনাগাদ তথ্যে ডিজিটাল মুদ্রার এই নিম্নমুখী প্রবণতার কথা জানানো হয়েছে।
তথ্যমতে, গত এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ২ দশমিক ৮৫ শতাংশ কমে গেছে। ফলে বর্তমানে প্রতি বিটকয়েন বিক্রি হচ্ছে ৭৩ হাজার ৩২০ ডলারে।
বিটকয়েনের মতো একই রকম দরপতনের মুখে পড়েছে ইথারও। শুধু গত এক মাসেই এই মুদ্রার দাম ১১ দশমিক ২২ শতাংশের বেশি কমেছে।
সাপ্তাহিক হিসাবে ইথারের দাম প্রায় ২ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এর ফলে প্রতিটি ইথার এখন ২ হাজার ৫৯ ডলারে লেনদেন হচ্ছে।
অন্যদিকে, আরেক জনপ্রিয় ডিজিটাল মুদ্রা সোলানার দামেও বেশ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে চলা দরপতনের পর বর্তমানে প্রতি সোলানা ৮১ ডলার ৬৩ সেন্টে বিক্রি হচ্ছে।
প্রায় একই চিত্র দেখা গেছে বাইন্যান্স কয়েনের বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে এর দাম ২ দশমিক ১৫ শতাংশ কমেছে। বর্তমানে বাজারে এর দাম নেমে এসেছে ৬৩৬ ডলারে।

ডেস্ক রিপোর্ট