দেশের গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গির বদলে সব অংশীজনকে নিয়ে একটি জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের কথাও জানিয়েছেন তিনি।
রোববার (১৭ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি)-এর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে দেশের গণমাধ্যম খাতের জন্য একটি স্বাধীন, দক্ষ এবং গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, দেশে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘকাল ধরে একটি ধারণাগত ঘাটতি বিরাজ করছে। মালিক, সাংবাদিক ও সরকারের মধ্যে সমন্বিত চিন্তার অভাবেই এই খাতটি ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার বলয়ে বন্দি ছিল।
তথ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, অতীতে গণমাধ্যমকে অনেক ক্ষেত্রেই অবৈধ আয় রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ, বিগত সরকারগুলো গণমাধ্যমের প্রতি কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গিই পোষণ করত।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি ‘কোয়াসি জুডিশিয়াল কমিশন’ বা স্বাধীন কর্তৃপক্ষ গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। তবে সেই কমিশন যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকারের রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠে, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী মনে করেন, গণমাধ্যমের জগতে সরকার নিজেও একজন অংশীজন (স্টেকহোল্ডার)। তাই সরকারকে যেমন নিজের দায়িত্ব পালন করতে হবে, তেমনি অন্যদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
টিইসি গঠনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এ ধরনের পেশাজীবী সংগঠন গণমাধ্যমের সংস্কারে বড় ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি সম্পাদকদের মালিকপক্ষ, কেবল অপারেটরসহ সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীদের সঙ্গেও মতবিনিময়ের পরামর্শ দেন।

ডেস্ক রিপোর্ট