রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন পরিচালিত উপজেলা এডমিনিস্ট্রেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে বই, অভিনন্দনপত্র ও ক্রেস্ট তুলে দিয়ে সাফল্যের স্বীকৃতি জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশেও নজর দেওয়া প্রয়োজন।
এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাবের উদ্বোধন করেন অতিথিরা। সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
