ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আশুলিয়ার কয়েকটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টঙ্গী–বাইপাইল–ইপিজেড আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএইচ কারখানায় শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে নিট এশিয়া কারখানাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কারখানা দুটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী–বাইপাইল–ইপিজেড আঞ্চলিক সড়কে অবস্থান নেন।
শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
পরে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় টঙ্গী–আশুলিয়া–ইপিজেড আঞ্চলিক মহাসড়কের জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
