কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
এ পরিস্থিতিতে সারা দেশে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে গ্রাহকদের সতর্ক করেছে পেট্রোবাংলা। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, গত ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল।
