রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) প্রাথমিক পর্যায়ে প্রস্তাবিত ৩২টি রুটের মধ্যে ছয়টি রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়েছে। এসব রুটে একক কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় যে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চলবে, সেগুলো হলো—
১. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আবদুল্লাহপুর হয়ে।
২. মিরপুর চিড়িয়াখানা থেকে চুলকুটিয়া পর্যন্ত, সায়েন্স ল্যাব হয়ে।
৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত, শাহবাগ ও মৎস্য ভবন হয়ে।
৪. মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের কাঁচপুর ব্রিজ পর্যন্ত, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে।
৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আবদুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত, মিরপুর-১০ হয়ে।
৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আবদুল্লাহপুর হয়ে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাস রুট পুনর্বিন্যাসের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সমন্বয় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি যাত্রীদের যাতায়াত আরও সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
