গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বৈঠকে শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ানোর বিষয়েও আশ্বাস দেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শুক্রবার শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে নাম জানানো হবে।
মজুরি বোর্ড গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান শ্রমসচিব।
নতুন মজুরি বোর্ড গঠনের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
