দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। দেশটির পরিবর্তিত ও চরম উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাঁর এই প্রত্যাবর্তন ঘটল।
রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’
জানা গেছে, গত জানুয়ারিতে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গিয়ে দেশ ছেড়েছিলেন মাচাদো। পরবর্তী সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কয়েক দফা দেশে ফেরার চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে তিনি ভেনেজুয়েলায় পৌঁছান।
রোববার ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায় মাচাদোকে। এ সময় হাজারো সমর্থক তাঁকে ঘিরে ধরেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। পরে গাড়িবহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এবং কারাকাসে পৌঁছে রাজপথে উন্মুক্ত গাড়িতে সমর্থকদের শুভেচ্ছা জানান।
মাচাদোর মিত্র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গঞ্জালেস তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, "আমাদের নেতা মারিয়া কোরিনা ভেনেজুয়েলার মাটিতে ফিরেছেন। এই প্রত্যাবর্তন ভেনেজুয়েলার মানুষের সার্বভৌম কণ্ঠস্বরকে আবারও নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দিল।" শিগগিরই তিনি নিজে দেশে ফিরে মাচাদোর সঙ্গে যোগ দেবেন বলেও জানান।
মাচাদোর মুখপাত্র ডেভিড স্মোলানস্কি এই প্রত্যাবর্তনকে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণ এবং অবাধ ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাচাদোর নিরাপত্তায় আশা প্রকাশ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে রাজনৈতিক সমঝোতা আলোচনার ফলেই এই নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।

ডেস্ক রিপোর্ট