রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে হামলার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে আসামির এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি, রাষ্ট্রের অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত, কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা স্নাইপার সরবরাহকারী চক্র জড়িত কি না—তা উদ্ঘাটনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ২১ অক্টোবর ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবির নিচে ‘MD Abu Bokor Siddique’ নামের আইডি থেকে মন্তব্য করা হয়—‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’ বিষয়টি ডিবি পুলিশের নজরে এলে ওই দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
