বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবরও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্দেশনায় জানানো হয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের এই বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন এই দাম কার্যকর থাকবে।
