গত ১৯ অক্টোবর মহাষ্টমী ও মহানবমীর আয়োজনে মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে যান আলিয়া। এ সময় তার সঙ্গী ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি সবার নজর কেড়েছিল আলিয়ার পোশাক ও মোহময়ী সাজ।
এদিন আলিয়া পরেছিলেন উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের একটি শাড়ি, যার সোনালি গোটাপট্টির কাজ সাজে এনেছিল বাড়তি আভিজাত্য। একেবারে বাঙালি কায়দায় শাড়িটি পরেছিলেন তিনি। এর সঙ্গে বৈপরীত্য তৈরি করে তিনি বেছে নিয়েছিলেন গোলাকার গলা ও ছোট পাফ স্লিভযুক্ত একটি ফিরোজা-নীল ব্লাউজ, যার পেছনের সোনালি কারুকাজও ছিল দারুণ আকর্ষণীয়।
গয়না হিসেবে শাড়ির সঙ্গে মানানসই সোনালি ঝুমকা, ইয়ার চেইন, হাতে একাধিক চুড়ি এবং আঙুলে নকশাদার আংটি পরেছিলেন অভিনেত্রী। মাঝখানে সিঁথি করে বাঁধা পরিপাটি খোঁপায় রঙিন ফুলের সাজ, কপালে ছোট্ট টিপ, হালকা আই মেকআপ এবং স্নিগ্ধ লিপস্টিকে তার উৎসবের এই লুক পূর্ণতা পায়।
উৎসবের আমেজের পাশাপাশি বর্তমানে কাজের ব্যস্ততাও রয়েছে আলিয়ার। জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে পর্দায় আসার কথা রয়েছে।

ডেস্ক রিপোর্ট