দ্বিতীয় স্ত্রী মরিয়মকে (১৯) আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে (গাজী নজরুল) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আজ রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই সময় কক্ষ থেকে বেশ কয়েকটি চিরকুটও উদ্ধার করেছিল পুলিশ।
এ ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় সংসদ সদস্য নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের রাতেই নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
