নিয়ন্ত্রণহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ চলতে থাকলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআই প্রযুক্তি ভুল মানুষের হাতে গেলে এমন ঘটনাও ঘটতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে। গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিল গেটস মনে করেন, এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সরকারি নিয়ন্ত্রণ এবং নজরদারি অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, এআই খাতের নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি কেমন হবে, সে বিষয়ে আইনপ্রণেতা ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত হতে হবে। এ ধরনের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন বলেও মত দেন তিনি।
সাক্ষাৎকারে গেটস বলেন, এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করলে প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু অতিরিক্ত খরচ হবে ঠিকই, তবে এতে প্রযুক্তির উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাবে না। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরও কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, সর্বাধুনিক এআই প্রযুক্তি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা বিপুল প্রাণহানির মতো ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে।
এআই বন্ধ করার জন্য ‘কিল সুইচ’ রাখার ধারণা নিয়েও কথা বলেন গেটস। তাঁর মতে, শুধু একটি কিল সুইচ থাকলেই যথেষ্ট নয়। তবে এআই এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে নিজে থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে আর বন্ধ করা যাবে না। গেটসের সাক্ষাৎকারের শেষ দিকে ব্যক্তিগত জীবনে তিনি এআই কতটা ব্যবহার করেন, তা জানতে চান উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার। জবাবে গেটস জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না; পরিবার ও বন্ধুদের কারণে এ ক্ষেত্রে তাঁর এআইয়ের প্রয়োজন হয় না।
এর আগে আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন বিল গেটস। উল্লেখ্য, প্রযুক্তি খাতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এআই উন্নয়নের গতি কমানো এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও গত ২৩ সেপ্টেম্বর একটি আইন প্রস্তাব করেন, যেখানে নিরাপত্তাব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
