যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপক্ষীয় বুথে (গ্যাল-৭) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। প্রধানমন্ত্রী বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর জোর দেন এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ডের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতাসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলেরও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধানমন্ত্রী। তিনি গত বৃহস্পতিবার অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

ডেস্ক রিপোর্ট