ডিজেলের দাম ও পরিবহন পরিচালনার ব্যয় বাড়ার প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আজ বুধবার প্রকাশ করা হয়। নতুন এই ভাড়ার হার গতকাল থেকেই কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। তবে আগের মতোই ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিএ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে। তবে নতুন এই ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। এর ফলে নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রল ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসভাড়া বাড়ানোর এই ঘোষণা দেন।
