ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। চলমান যুদ্ধ পরিস্থিতিকে এই অঞ্চলের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক এই যুদ্ধ সবার জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে বলে তিনি আশা করেন। তাঁর মতে, এখনই একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উপযুক্ত সময়। সাম্প্রতিক এসব আঞ্চলিক সংকট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, যার প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি।
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী। উপসাগরীয় দেশগুলো ও ইরানকে একত্র করে এমন একটি নিরাপত্তা কাঠামো ছাড়া আমাদের বুঝতে হবে যে এ অঞ্চল আগের মতো চলতে পারবে না। এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে কেউই অন্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।’
একটি অঞ্চল হিসেবে দায়িত্বশীলভাবে সবাইকে একসঙ্গে কাজ করার ওপরও জোর দেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি জানান, কাতার ও তাদের আঞ্চলিক অংশীদাররা এ ধরনের একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমঝোতা এগিয়ে নিতে কাতার তাদের মধ্যস্থতার প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো খোলা রাখবে বলেও জানান তিনি।
