ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দিয়ে প্রকৃত অধিকারীদের কার্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের সরবরাহব্যবস্থায় (সাপ্লাই চেইন) এখনো পুরোপুরি স্থিতিশীলতা তৈরি করা সম্ভব হয়নি। এর ফলে উৎপাদন ও খুচরা মূল্যের মধ্যে যে বিশাল পার্থক্য দেখা যাচ্ছে, তা মেনে নেওয়া কঠিন।
টিসিবির কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, কারও কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও তাঁরা যেন পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই সেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করা হবে।
ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা আনার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, শিগগিরই অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে। দেশে কর্মসংস্থানের অভাব থাকলেও সব আবেদনকারীকে ডিলার বানানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষ কোনো খাতেই নিয়োগ দেওয়া সম্ভব নয়।
